
রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে হিরোইনসহ আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল হোতা ফয়সাল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার (২৮ জুন) দুপুরে ফরিদপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ ও র্যাব-৬ এর একটি দল।
র্যাব জানায়, গত ২০ জুন দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হিরোইন উদ্ধার করা হয়। এরপর তাকে তাৎক্ষণিক সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে ফয়সালের সহযোগীরা কর্তব্যরত এসিল্যান্ড মো. মুনতাসির হাসান খান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সরকারি কর্মকর্তাদের মারধর করে ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এই চাঞ্চল্যকর ঘটনার পর গোয়ালন্দঘাট থানায় একটি সরকারি কাজে বাধা ও হামলার মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে র্যাবের কাছে সহযোগিতা চাওয়া হলে তারা গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং আত্মগোপনে থাকা ফয়সালকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার হওয়া ফয়সাল শেখ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।