
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব-১২।
আটক হওয়া চার যুবক হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের সুপ্ত ইসলাম জীবন (২৬) ও চঞ্চল ইসলাম নীরব (২৬) এবং চররূপপুর বিবিসি বাজার এলাকার বাঁধন ইসলাম (২৩) ও শাকিল হোসেন (৩০)। র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
র্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটকদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগানের কার্তুজ, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক কার্যক্রম শেষে তাদের ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, র্যাব অস্ত্র ও গুলিসহ ওই চারজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।