
গাজীপুরের শ্রীপুরে ককটেল ফাটিয়ে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. রাজু (২৩) ও মো. তানজিম (১৪), গাভী শিমুল গ্রামের মো. ওয়ালি ইসলাম (৩২) এবং কিশোরগঞ্জের হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. রাববি (১৯), চর বিশ্বনাথপুর গ্রামের মো. ইমন (২০) ও মো. মোবারিছ (২০)।
বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আকন্দ জানান, শুক্রবার জুমার নামাজের পর পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী একটি বাস ও দুটি মাইক্রোবাসে করে শ্রীপুর-সাতখামাইর সড়কের দুর্লভপুর এলাকায় আসে। সেখানে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিল করার চেষ্টা করে। এতে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালানোর চেষ্টা করে। এ সময় একটি বাস ও একটি মাইক্রোবাস দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও, অন্য একটি মাইক্রোবাসসহ ওই ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, আটক ৬ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটানোসহ তাদের অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।