
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে। তবে এবার ভোটের ফল প্রকাশের পর এই কারচুপি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে নোয়াখালী জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘২০১৪-১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে।’
তিনি আরও বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছিল; বিএনপি সেই ভোট চুরি করে ফেলেছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের ফল প্রকাশের আগে। জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, তা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে।’
বিএনপির উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ প
দেশে চলমান লোডশেডিং প্রসঙ্গে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে।’ বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত বলেন, ‘বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন- ‘দেশে কোনো লোডশেডিং নেই’। জনগণের কাছে গেলে তিনি বুঝতে পারবেন, অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।’
এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী।