
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ রোববার (১২ জুলাই) সকালে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তা দিয়েছেন বিরোধী দলীয় নেতা।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি দল-মত নির্বিশেষে সবার কাছেই সমাদৃত ও গ্রহণযোগ্য ছিলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিগত আমলের স্মৃতি চারণ করে আরও বলেন, রাজনৈতিক সংকটের সময়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের ওপর যখন আইনি জটিলতা তৈরি হয়েছিল, সে সময় তিনি দলটির প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। মজলুমদের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে তিনি আদালতে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই লড়েছেন। এর জন্য তিনি কখনো কোনো ফি (পারিশ্রমিক) গ্রহণ করেননি উল্লেখ করে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।