
আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্বিপক্ষীয় সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে ইরান ও পাকিস্তান। দেশ দুটির উচ্চ পর্যায়ের এক বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এই সমঝোতা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তরে (জিএইচকিউ) এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে মূলত আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।
বৈঠক চলাকালে আঞ্চলিক উত্তেজনা কমানো, শান্তি প্রতিষ্ঠা এবং কূটনৈতিক উদ্যোগে পাকিস্তানের অব্যাহত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনা শেষে উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিত করতে আগামীতে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।