
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে তাঁর এই আকস্মিক পদত্যাগের পর এবার পদত্যাগপত্রের ভাষা ও বিষয়বস্তু নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার বিকেল ৫টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সন্দেহ ও বেশ কিছু যৌক্তিক প্রশ্ন তুলে ধরেন। তাঁর এই পোস্ট মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুক পোস্টে শিশির মনির বিস্ময় প্রকাশ করে লেখেন, “স্বাস্থ্যগত কারণে পদত্যাগ। তাহলে এত কথা লিখতে হলো কেন? তিনি নিজেই পদত্যাগপত্র লিখেছেন? নাকি তাকে দিয়ে এত কথা লেখানো হয়েছে?”
পদত্যাগপত্রে উল্লিখিত রাজনৈতিক প্রসঙ্গের তীব্র সমালোচনা করে এই জ্যেষ্ঠ আইনজীবী আরও লেখেন, “সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী তিনি কী করেছেন, সেটা লিখেছেন। আবার তার ‘সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোন সাংবিধানিক সংকট ঘটেনি’ এর সঙ্গে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কী সম্পর্ক?”
কেবল স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেওয়া একটি পদত্যাগপত্রে এ ধরনের সাংবিধানিক সাফাই গাওয়ার বিষয়টি একেবারেই অস্বাভাবিক বলে মনে করছেন এই আইনজ্ঞ। রাষ্ট্রপতির পদত্যাগের মতো একটি স্পর্শকাতর মুহূর্তে তাঁর এই যৌক্তিক প্রশ্ন দেশের রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে কৌতূহলের সৃষ্টি করেছে।