
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রমতে, নাবলুসের কুসরা গ্রামে চরমপন্থি সেটেলাররা একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, মসজিদের পবিত্র দেওয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ লিখে চরম ঔদ্ধত্যের প্রকাশ ঘটিয়েছে হামলাকারীরা।
অন্যদিকে, রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলীয় আল-মুগাইর গ্রামে ফিলিস্তিনিদের একাধিক গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া দখলদাররা বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে এবং ফিলিস্তিনিদের গাড়িতে নির্বিচারে পাথর নিক্ষেপ করে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সেটেলাররা একটি গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে জোরপূর্বক ফিলিস্তিনিদের গাড়ি ঘুরিয়ে দিতে বাধ্য করছে।
নিজেদের গ্রাম রক্ষায় প্রাণ গেল ৪ ফিলিস্তিনির
এর আগে, গত শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল গ্রামে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেটেলাররা। নিজেদের রক্ষার্থে এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে প্রতিরোধ গড়লে দুই ইসরায়েলি নিহত হয়। এর জেরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান অন্তত চার ফিলিস্তিনি।
দখলদার ইসরায়েল নিজেদের গ্রাম রক্ষায় নিহত ওই ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে। অথচ ভারী অস্ত্র নিয়ে নিরীহ মানুষের ওপর হামলা চালানো ইসরায়েলি সেটেলারদের উল্টো ‘ভিক্টিম’ হিসেবে প্রচার করছে তারা। দখলদারদের এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে পুরো পশ্চিমতীর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।