
ব্রেন টিউমারের জটিল চিকিৎসা চলা অবস্থাতেই দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার নন্দিত তারকা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে তার চিকিৎসা চলছে। সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়ে বিকেলের মধ্যেই তিনি বাংলাদেশে পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সহসভাপতি লিটন এরশাদ খবরটি নিশ্চিত করে জানান, দেশে ফিরলেও এই অবস্থান দীর্ঘদিনের জন্য নয়। চিকিৎসার পরবর্তী ধাপের কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়েই তাকে আবার লন্ডনে ফিরে যেতে হবে। তাই ১৪ আগস্টের আগেই তিনি আবার চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেবেন।
গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এই অভিনেতা। সেখানকার চিকিৎসকরা আগস্ট মাসে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। তবে টিউমারের অবস্থান ও শারীরিক জটিলতার কারণে পুরোপুরি টিউমার কেটে ফেলা সম্ভব হয়নি। এর পর থেকে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ইতোমধ্যে ৬০টিরও বেশি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
টানা কেমোথেরাপি ও দীর্ঘদিনের চিকিৎসার কারণে তার শারীরিক গঠনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। সম্প্রতি বিমানবন্দরে তোলা ছবিতে তাকে সাদা চুল ও দাড়িতে দেখা গেছে। পরিবারের সদস্যরা জানান, এত চিকিৎসার পরও কাঞ্চনের শারীরিক অবস্থার তেমন আশানুরূপ উন্নতি হয়নি। তবে দেশের মাটিতে আসার তীব্র ইচ্ছা থাকায় স্বজনদের সিদ্ধান্তে তাকে কিছুদিনের জন্য ঢাকায় নিয়ে আসা হলো।