

আইফোন ও আইপ্যাডে থাকা একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ পরিস্থিতিতে পুরোনো সফটওয়্যার ব্যবহারকারীদের দ্রুত নতুন নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে আইফোন ১১ ও পরবর্তী মডেলের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাদের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের তথ্যমতে, আইওএসের কোরগ্রাফিকস অংশে পাওয়া ত্রুটিটি কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি করা ফাইলের মাধ্যমে ক্ষতিকর কোড চালানো সম্ভব। আইওএস ২৭-এর আগের সংস্করণ ব্যবহারকারী নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে চালানো অত্যন্ত জটিল হামলায় এই নিরাপত্তা ত্রুটি কাজে লাগানো হয়ে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।
নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করার আগে ডিভাইসের তথ্যের ব্যাকআপ নেওয়ার পাশাপাশি আইক্লাউড বা কম্পিউটারে ব্যাকআপ সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।
হালনাগাদ ইনস্টল করতে ফোনটি চার্জে যুক্ত করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করতে হবে। এরপর আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে প্রবেশ করে সফটওয়্যার আপডেট নির্বাচন করলে নতুন সংস্করণ দেখা যাবে। সেখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অথবা আপডেট নাও অপশনে ট্যাপ করলে হালনাগাদ ইনস্টল শুরু হবে। ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয় হালনাগাদ সুবিধাও চালু রাখতে পারেন।
এদিকে আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্সের বিভিন্ন ত্রুটি সমাধানে আইওএস ২৭.০.১ প্রকাশ করেছে অ্যাপল। নতুন মডেলে ফেস আইডি ব্যর্থ হলে ফোন পুনরায় চালু হয়ে যাওয়া এবং নোটিফিকেশন সেন্টার ও কন্ট্রোল সেন্টার একসঙ্গে খোলার পর টাচস্ক্রিন অচল হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা হয়েছে এই হালনাগাদে।
আরও পড়ুন: ২১৭ বছর পর নেপোলিয়নের রহস্যময় চিঠির তথ্য উন্মোচন করল এআই