

মিথ্যা মামলা দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাছে কোনো ইনসাফ নেই। রবিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মেজর অব. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের ও তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যাঁদের অবস্থান রয়েছে, তাঁদের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া মেজর অব. আখতারুজ্জামানের মতো একজন বীর মুক্তিযোদ্ধার ওপর এমন জুলুম হতে পারে না। বিএনপি ত্যাগ করার কারণে তাঁর প্রতি আক্রোশ ছিল এবং তাঁকে লাঞ্ছিত করার সুযোগ পেয়েই এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অথচ বিমানবন্দরের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার।
দুর্নীতি ও চুরির সঙ্গে যারা জড়িত, মিথ্যা মামলা দিয়ে দেশের মুক্তিযোদ্ধাদেরকে যারা আদালতের কাঠগড়ায় ওঠায়, এদের কাছে কোনো ইনসাফ নাই, এদের কাছে জুলুম আছে।
আরও পড়ুন: বিমানবন্দরে মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
সংবাদ সম্মেলনে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাজনৈতিক ইঙ্গিতে এই মামলা করানো হয়েছে বলে অভিযোগ করা হয়। গোলাম পরওয়ার উল্লেখ করেন, দুজনকে সাময়িক বরখাস্ত করে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা যথেষ্ট নয়। খুনি ও ডাকাতদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া, হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করার তীব্র নিন্দা জানান তিনি। এছাড়া রোববার আদালতে শুনানির সময় আইনজীবীদের একাংশ মব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করেছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, সরকারের উচিত সবকিছুর মধ্যে রাজনীতি না খুঁজে জনদুর্ভোগ কমানোর দিকে মনোযোগ দেওয়া। সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পণ্যের দাম বাড়ার তীব্র সমালোচনা করে তিনি অবিলম্বে এসব জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে জামায়াতের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন এবং অবিলম্বে মেজর অব. আখতারুজ্জামানের মুক্তি দাবি করেন।