

প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে মো. আবু সাদিককে (সাদিক কায়েম) দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধনকালে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় দুই সিটির জন্য দলের এই শীর্ষ দুই নেতাকে নগরবাসীর সামনে তুলে ধরেন জামায়াতের আমির।
অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাঁর সাম্প্রতিক সময়ে খাল ও আবর্জনা পরিষ্কারসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন শফিকুর রহমান। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করে জামায়াত আমির বলেন, ডাকসু যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাজিয়েছিল, তেমনি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকেও মনের মতো করে সাজাবেন। বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকারকে ঘুমাতে দেওয়া হবে না। জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার পাহারা দেবে, এটাই নিয়ম।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে অনুদান দেওয়ার ঘোষণাসংক্রান্ত জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্যই জামায়াত অনুদান দিতে চায়। কিন্তু এ বিষয়ে নানা টালবাহানা করা হচ্ছে। সরকার নিজেরাও কিছু করছে না, আবার জামায়াতকেও কিছু করতে দিচ্ছে না। রাতের অন্ধকারে রাড্ডা সেন্টার ভেঙে চুরমার করার ঘটনায় জড়িত জনপ্রতিনিধিদের এখনো আইনের আওতায় না আনার তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানান জামায়াত আমির।
আরও পড়ুন: বিমানবন্দরে মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
অনুষ্ঠানে ডেঙ্গু ও হাম প্রসঙ্গে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ডেঙ্গুর আগে হামে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। বর্তমান সরকার অতীতের সরকারগুলোকে দোষারোপ করলেও গত সাত মাসে তারা কী করেছে, সেই প্রশ্ন তোলেন তিনি। বিমানবন্দরে সীমাহীন দুর্নীতির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। এ সময় দলের বিভিন্ন কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির এই কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগামী দিনে নগরবাসীর সেবা নিশ্চিত করতে প্রার্থীরা মাঠে সক্রিয় থাকবেন বলে জানানো হয়।