

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান এম গাজিউল হক সোমবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ, মেয়ে আনিলা হকসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে দেশের করপোরেট অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে প্রবীণ এই শিল্প উদ্যোক্তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশের অর্থনীতি ও ব্যবসা খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। ২৩টির বেশি দেশে এই গ্রুপের কার্যক্রম বিস্তৃত রয়েছে।
দেশের ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নে এম গাজিউল হকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুযোগ্য নেতৃত্বে ইস্টার্ন ব্যাংক এবং এমজিএইচ গ্রুপ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
১৯৯৩ সালে এম গাজিউল হক ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং অত্যন্ত দক্ষতার সাথে দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইবিএলের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও করপোরেট সুশাসন জোরদারে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। পেশাজীবনের শুরুতে তিনি ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে যুক্ত হন এবং ১৯৭৬ সালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানটি বার্ডস বাংলাদেশ লিমিটেড নামে আত্মপ্রকাশ করে।
এমজিএইচ গ্রুপের অধীনে সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টোটাল কার্গো ম্যানেজমেন্ট, আন্তসীমান্ত মালবাহী রেলসেবা, চা ও রাবার বাগান এবং বাণিজ্যিক ব্যাংকিংয়ের মতো বৈচিত্র্যময় খাতে প্রতিষ্ঠানটি নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।