

নাটোর: নাটোর স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ঘটনার তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা নামের বিশ বছর বয়সী এক তরুণকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন তিনি। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগে থাকা ল্যাপটপ ও ক্যামেরা রেখে যান এই বিদেশি পর্যটক। টাকা তুলে ফিরে এসে তিনি দেখতে পান, ওই ব্যক্তি ও ব্যাগটি আর সেখানে নেই। পরে তিনি জানতে পারেন, ব্যাগটি যাঁর কাছে রাখা হয়েছিল, তিনি রেলওয়ের কেউ নন। এই ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই পর্যটক।
বিদেশি পর্যটকের ল্যাপটপ চুরি হওয়ার পর থেকেই পুলিশের সবকটি ইউনিট একযোগে কাজ শুরু করে। শনিবার রাতেও ল্যাপটপটি উদ্ধারের জন্য নাটোর পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ সন্ধ্যার পর ল্যাপটপটির সন্ধানে সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা নামের ওই তরুণ পুলিশকে জানান, তাঁর বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। পরে রাত সাড়ে নয়টার দিকে ওই মহল্লায় তাঁর বাড়ি থেকে ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ। রাত পৌনে দশটার দিকে ল্যাপটপসহ ওই তরুণকে সদর থানায় আনা হয়।
বিদেশি পর্যটকের ল্যাপটপ উদ্ধারে আমাদের পুলিশ দল শুরু থেকেই তৎপর ছিল। যাচাই-বাছাই করে ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের বলে নিশ্চিত হওয়া গেছে। - নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ল্যাপটপটি যে জার্মান পর্যটক ক্রিলের, তা যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া গেছে। মুঠোফোনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গে কথা বলে তাঁর ল্যাপটপ খুঁজে পাওয়ার বিষয়টি তাঁকে জানানো হয়েছে। খোয়া যাওয়া মূল্যবান ল্যাপটপ ফিরে পাওয়ার খবর শুনে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন ওই পর্যটক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।