

টাঙ্গাইল: প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ-এর টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (গতকাল) সকাল থেকে বিকেলের মধ্যে যেকোনো এক সময় শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার এই বাড়িতে বারান্দার গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বাড়িটিতে মূলত নাট্যকার মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। তবে ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় তিনি তাঁর পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শনিবার সকাল নয়টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান এবং বিকেল পাঁচটার দিকে ফিরে এসে চুরির বিষয়টি দেখতে পান।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তিনি বলেন, এ বিষয়ে তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।
রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আফিয়া খান। অভিযোগে জানানো হয়, বাড়িটির তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়ার্ডরোব খোলা অবস্থায় পাওয়া গেছে। আলমারিগুলোতে তাঁদের ৯ ভাইবোনের মূল্যবান জিনিসপত্র ছিল। তবে পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে কী কী চুরি হয়েছে, তা জানাতে পারেননি।
এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।- আফিয়া খান, মামুনুর রশীদের বোন
ঘটনা সম্পর্কে নাট্যকার মামুনুর রশীদ দুপুরে মুঠোফোনে গণমাধ্যমকে জানান, পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। বিষয়টি তিনি তাঁর ভাইবোনদের মাধ্যমে জানতে পেরেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।