

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলাম সিয়াম এই তথ্য জানিয়ে বলেন যে, প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে এই সংকট সমাধানের ওপর সর্বোচ্চ জোর দেবেন।
পররাষ্ট্রসচিব জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের আয়োজনে আগামী ২৩ সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে অংশ নেবেন। সেখানে তিনি রোহিঙ্গা সংকটবিষয়ক আলোচনায় প্রধান ভূমিকা পালন করবেন এবং বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিজ দেশে সসম্মানে প্রত্যাবাসনে বিশ্ববাসীর জোরালো রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন কামনা করবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলাম সিয়াম আরও উল্লেখ করেন যে, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক করবেন। তিনি বলেন,
প্রধানমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুর পাশাপাশি ২৪ সেপ্টেম্বর মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই সেশনে তিনি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নতুন সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন। স্বাস্থ্যসেবায় দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রী সেবার প্রসার ঘটানোর ওপরও এ সময় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের নতুন যাত্রাকে বিশ্বপরিসরে তুলে ধরার একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।