

চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহ নিজের বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার গভীর রাতে বাহরাইনপ্রবাসী বড় ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে তিনি পালিয়ে যান বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় রোববার বিকেলে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর থেকেই পারিবারিক টানাপোড়েন শুরু হয়। শনিবার রাতে মরিয়ম বেগম স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বাসা থেকে বেরিয়ে যান। বর্তমানে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম উভয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
এই ঘটনার পর আমরা শেখ রহমত উল্লাহকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি। - মাহবুবুল আলম, আহ্বায়ক, চাঁদপুর জেলা এনসিপি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত রহমত উল্লাহ নিজেও বিবাহিত এবং দুই সন্তানের জনক। বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় রহমত উল্লাহর স্ত্রীও মৌখিক অভিযোগ জানিয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: সরকারি চাকরি পাওয়ার পর প্রবাসীকে তালাক, আদালতে মামলা
মরিয়ম বেগমের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ জানানোর সময় তার দুই শিশুসন্তানকেও সঙ্গে নিয়ে আসেন। মায়ের খোঁজে শিশুসন্তানদের কান্নায় থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এনসিপি নেতা রহমত উল্লাহর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।