

ভারতের নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন ও বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের কোনো মূল্যায়ন বা মন্তব্য নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় এবং তা সে দেশেই মীমাংসিত হবে।
রাজধানীর বিআইআইএসএসে 'বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা' শীর্ষক ওই সেমিনারে দেশের পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীরা ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা নিয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক মূল্যায়ন জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে ঢাকের অনধিকারচর্চার সুযোগ নেই বলে ইঙ্গিত দেন।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সুনির্দিষ্টভাবে বলেন,
বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি নয়াদিল্লিতে বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দল ও বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই পরিস্থিতিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নানা আলোচনা চললেও ঢাকা বরাবরের মতো কূটনৈতিক শিষ্টাচার ও অভ্যন্তরীণ হস্তক্ষেপে অনিচ্ছুক নীতি বজায় রেখেছে।
প্রতিবেশী দেশের রাজনৈতিক উত্তাপের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের অপচেষ্টা নিয়ে দেশের গণমাধ্যমে নানা শঙ্কা তৈরি হয়েছে। তবে ঢাকা কূটনৈতিক ও প্রশাসনিক চ্যানেলে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী, যেকোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সে দেশের সরকার ও জনগণকেই সমাধান করতে হয়, যা বর্তমান পররাষ্ট্র প্রশাসনের বক্তব্যেও পুনর্ব্যক্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারতের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন নয়াদিল্লির নিজস্ব কাঠামোগত বিষয়। বাংলাদেশ কোনো ধরনের মন্তব্য বা হস্তক্ষেপ থেকে বিরত থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অহেতুক নাক না গলানোর নীতিতেই অটল রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এই সাবধানী ও পেশাদার কূটনৈতিক অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনীতজ্ঞরা।