

ঢাকা: ব্যবসা স্বাভাবিক রাখতে ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে। সুবিধা পাওয়া কোম্পানি দুটি হলো বেক্সিমকো এলপিজি ইউনিট, ১ ও শাইনপুকুর সিরামিকস। ব্যাংক কোম্পানি আইনের নিষেধাজ্ঞা শিথিল করে এই বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে।
১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক (৩) ধারা অনুযায়ী খেলাপি ঋণ কোনো গ্রাহককে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণসুবিধা দিতে পারে না। এই আইনি বিধানের কারণে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো নতুন কোনো ঋণ সুবিধা পাচ্ছিল না, যা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক আইনি নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট, ১ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলা ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে এই ছাড় পাবে। অন্যদিকে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের খেলাপি গ্রাহক শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা নবায়নের ক্ষেত্রেও আইনি নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
আইনি ছাড় পেলেও কোম্পানি দুটিকে কঠোর শর্তের অধীনে রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, ঋণখেলাপি এই কোম্পানিগুলোকে নতুন করে দেওয়া ঋণ সুবিধার বিপরীতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায় তৈরি হবে না। এমনকি ভবিষ্যতে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এছাড়া নতুন ঋণ সুবিধা পেতে হলে কোম্পানিগুলোর সব আয় নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রাখতে হবে এবং সেই আয় থেকে নিয়মিতভাবে পাওনা পরিশোধ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের বিষয়টি সোমবারই দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই পদক্ষেপের ফলে কোম্পানি দুটির উৎপাদন ও সাপ্লাই চেইন সচল রাখতে সহায়তা করবে।