

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এই নির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করতে হবে।
সভায় ডেঙ্গু মোকাবিলায় বেশ কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উক্ত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সকল শাখাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।