

বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস তুলে ধরতে আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত নতুন ও পরিমার্জিত তথ্য। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) যৌথ উদ্যোগে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে, যা আসন্ন শিক্ষাবর্ষের নতুন বইয়ে অন্তর্ভুক্ত থাকবে।
দীর্ঘদিন ধরে ইতিহাসবিদ ও শিক্ষাবিদদের একটি অংশের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যপুস্তকে ঐতিহাসিক সত্য ও সঠিক দলিল উপস্থাপনের বিষয়টি আলোচনায় ছিল। এরই ধারাবাহিকতায় বর্তমান প্রশাসন ও শিক্ষাসংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা পাঠ্যবইয়ের বিষয়বস্তু পুনর্মূল্যায়ন করে এই নতুন সংযোজনের সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আরও গভীরভাবে জানার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট কতৃপক্ষের মতে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণা ও এর পেছনের প্রকৃত ঘটনা সঠিকভাবে উপস্থাপন নিশ্চিত করা হচ্ছে।
শিক্ষা খাতের বিশেষজ্ঞরা আশা করছেন, এই নতুন সংযোজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে দলীয় প্রভাবমুক্ত এবং তথ্যভিত্তিক ইতিহাস পাঠ্যবইয়ে স্থান পাওয়ার ফলে শিক্ষার্থীদের বস্তুনিষ্ঠ জ্ঞানার্জনের পথ আরও সুগম হবে। এনসিটিবি সূত্রে জানা গেছে, পরিমার্জিত পাঠ্যবই মুদ্রণের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।
আগামী শিক্ষাবর্ষের শুরুতেই দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এই নতুন বই বিতরণের পরিকল্পনা রয়েছে। শিক্ষা প্রশাসন আশা করছে, এই পদক্ষেপের ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ইতিহাস পাঠের ক্ষেত্রে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর হবে।