

স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বুধবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ওমর সানী পরিষ্কার জানিয়ে দেন, তাঁর পরিবারকে নিয়ে যারা ব্যবসা করছেন, সেই ভিত্তিহীন পোস্টগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে তিনি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন ওমর সানী। তিনি জানান, তাঁদের ছেলে বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো স্থাবর সম্পত্তি বা বাড়িও নেই বলে স্পষ্ট করেন এই চিত্রনায়ক।
আমাদেরকে ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ? এই টাকা কে খাবে, শিয়াল-কুকুরে খাবে। আমাদেরকে একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলেছে। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব। , ওমর সানী, চিত্রনায়ক
পরিবারের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদের নিয়ে নেতিবাচক প্রচারণার কঠোর সমালোচনা করেন ওমর সানী। তাঁর অভিযোগ, কিছু ব্যক্তি ও পেজ সামাজিক মাধ্যমে শিল্পীদের এমনভাবে উপস্থাপন করছেন, যাতে গোটা চলচ্চিত্র জগৎ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। নারী শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত, বয়স বা শারীরিক গঠন নিয়ে অশালীন কনটেন্ট তৈরির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এফডিসিতে শিল্পীদের অজান্তে ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। ওমর সানী প্রশ্ন তোলেন, শিল্পীদের কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? তিনি তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু চলচ্চিত্র শিল্প বাঁচালেই হবে না, এর সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। এ ধরনের বুলিং চলতে থাকলে নতুন প্রজন্ম চলচ্চিত্র অঙ্গনে আসতে নিরুৎসাহিত হবে।
সংবাদ সম্মেলনে ওমর সানী নিজের দীর্ঘ অভিনয়জীবনের কথা স্মরণ করে বলেন, তাঁরা সততার সঙ্গে জীবিকা নির্বাহ করেছেন এবং দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা চাইতে রাজি আছেন, তবে বিনা কারণে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিবার ও সহশিল্পীদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন এই জনপ্রিয় অভিনেতা।