

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন যে তিনি বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছেন। অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলায় ন্যায়বিচার চেয়ে আন্দোলনরত নিহত তরুণীর মা-বাবাকে আটকের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী তরুণী ও রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারিকে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর হত্যা করা হয়। এই ঘটনায় রিসোর্টের মালিক পুলকিত আর্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কথিত ভিআইপির পরিচয় নিয়ে পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এখনো ক্ষোভ ও প্রশ্ন রয়ে গেছে।
অঙ্কিতার মা-বাবা মেয়ের হত্যার সুষ্ঠু বিচার ও ভিআইপির নাম প্রকাশের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করছিলেন। গত রাতে পুলিশ তাঁদের আটক করলেও আজ সকালে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে ধ্রুব রাঠি এক্স হ্যান্ডলে লেখেন, উনারা হলেন অঙ্কিতা ভাণ্ডারির মা-বাবা। অঙ্কিতা এমন এক তরুণী, যাকে এই একই ব্যবস্থায় হত্যা করেছে। এখন ওরা তাঁর মা-বাবাকেও রেহাই দিচ্ছে না।
২০২২ সালে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই উত্তরাখণ্ডজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। রিসোর্টে আসা এক প্রভাবশালী অতিথিকে বিশেষ সুবিধা দিতে অঙ্কিতার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং রাজি না হওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। গত বছরের ৩০ মে আদালত মূল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দিলেও নেপথ্যের ভিআইপি ব্যক্তির পরিচয় প্রকাশ না হওয়ায় পরিবার আন্দোলন চালিয়ে যাচ্ছে।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলা সাম্প্রতিক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ধ্রুব রাঠির এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে দেশটির বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকরাও সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।