

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই জাবি প্রশাসন ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় পর্যালোচনার জন্য পৃথক চারটি উপকমিটি গঠন করে। এসব উপকমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময়সূচি এবং কেন্দ্র সংক্রান্ত অন্যান্য দিকগুলো ২৮ অক্টোবরের বৈঠকে চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, '২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারিখ ও সময়সীমা চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়ার।'
এদিকে পরীক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এবারও বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা খুবই কম। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, বিগত অভিজ্ঞতা এবং উপকমিটির রিপোর্ট পর্যালোচনায় বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা দেখা গেছে। এর মধ্যে অতিরিক্ত আর্থিক খরচ এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সাথে সংঘর্ষ এড়ানো অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে।
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া বিষয়ক একটি উপকমিটির সদস্য জানান, 'চারটি উপকমিটির রিপোর্ট ইতিবাচক আসেনি। এখানে খরচ একটি বড় সমস্যা। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সামঞ্জস্য রাখাও কঠিন হয়ে গিয়েছিল। ফলে এবার বিভাগীয় ভর্তি পরীক্ষা হবে না বলেই মনে হয়।' চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আগামী ২৮ অক্টোবরের সভার দিকে তাকিয়ে রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।