
প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2026 ইং
এআই চিপের জোয়ারে রেকর্ড মুনাফা টিএসএমসির

কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের চাহিদা কমার কোনো লক্ষণ নেই। তার প্রমাণ আবার দিল বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা টিএসএমসি। টানা ষষ্ঠ ত্রৈমাসিকে রেকর্ড মুনাফা করেছে তাইওয়ানের কোম্পানিটি।
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে টিএসএমসির নিট মুনাফা দাঁড়িয়েছে ৭৬৩ দশমিক ১ বিলিয়ন তাইওয়ান ডলার, আগের বছরের একই সময়ের চেয়ে ৬৮ দশমিক ৭ শতাংশ বেশি। বাজার বিশ্লেষকদের ধারণার চেয়েও এই অঙ্ক বেশি। একই সময়ে রাজস্ব হয়েছে ১ দশমিক ৪৯৪ ট্রিলিয়ন তাইওয়ান ডলার, বেড়েছে ৫০ দশমিক ৯ শতাংশ। শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৩ তাইওয়ান ডলার।
কোম্পানির মোট রাজস্বের ৬৮ শতাংশই এসেছে হাই-পারফরম্যান্স কম্পিউটিং থেকে, যার মধ্যে আছে এআই সার্ভার আর ডেটা সেন্টারের চিপ। এক বছর আগে এই হার ছিল ৫৭ শতাংশ। স্মার্টফোনের অংশ ২১ শতাংশ। উন্নত প্রযুক্তির মধ্যে ৩ ন্যানোমিটার চিপের অংশ সবচেয়ে বেশি, ৩৩ শতাংশ। এরপর আছে ৫ ন্যানোমিটার ২৮ শতাংশ আর ৭ ন্যানোমিটার ১০ শতাংশ। নতুন ২ ন্যানোমিটার প্রযুক্তির অংশ এক ত্রৈমাসিকে ৩ শতাংশ থেকে বেড়ে ৮ শতাংশ হয়েছে।
ত্রৈমাসিকে পরিচালন মার্জিন ছিল ৫৮ দশমিক ৭ শতাংশ, কোম্পানির নিজের পূর্বাভাসের ওপরের সীমাকেও ছাড়িয়ে গেছে। চতুর্থ ত্রৈমাসিকে রাজস্ব ৫২ দশমিক ৩ থেকে ৫৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে বলে আশা করছে টিএসএমসি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা স্টোরি ২০২৬