
প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
ভারতে সরকার বদলের চেষ্টা ব্যর্থ হবে, বললেন মোহন ভাগবত
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন উপলক্ষে দেওয়া বিজয়াদশমীর ভাষণে সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন, ভারতে সরকার পরিবর্তনের কোনো চেষ্টা সফল হবে না। মঙ্গলবার (২০ অক্টোবর) নাগপুরের রেশিমবাগ মাঠে সংগঠনের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এই বক্তব্য দেন তিনি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ভাগবত ফ্রান্স, আলবেনিয়া, নেপাল ও বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার কথা তুলে ধরেন এবং এগুলোকে 'পশ্চিম থেকে আসা ঝড়' বলে অভিহিত করেন, যা সব ধরনের ব্যবস্থা ও সংস্কৃতির বিরুদ্ধে। তার ভাষায়, "সরকার বদলালে পরিস্থিতি বদলে যাবে, এমন দাবি করা হয়, কিন্তু এমনটা কোথাও সত্যিকারে কখনো ঘটেনি।"
ভাগবতের দাবি, ভারতেও একই ধরনের চেষ্টা চলছে, তবে দেশের সুস্থ নীতি ও দৃঢ় নেতৃত্বের কারণে সেগুলো সফল হয়নি। তরুণ প্রজন্মের মধ্যে জাতীয় গর্ব বেড়েছে, যা ভারতকে দুর্বল করতে চাওয়া শক্তিগুলোর জন্য উদ্বেগের বলে মনে করেন তিনি।
গণতন্ত্রে আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সমস্যা থাকবে, আন্দোলন অনিবার্য, কিন্তু আন্দোলনের উদ্দেশ্য হতে হবে সমস্যার সমাধান, বিভেদ তৈরি নয়। সংবিধানের সীমা, সভ্য আলোচনার মান ও আচরণের শিষ্টাচার মেনে চলার আহ্বান জানান তিনি।
ভাষণে তিনি মাদক ও নারকোটিকসের ওপর নিষেধাজ্ঞার দাবি জানান এবং বলেন, আরএসএস এই বিষয়ে কাজ করবে। ওটিটি কনটেন্ট নিয়ন্ত্রণেরও আহ্বান জানান তিনি।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শতবর্ষের প্রচার পরিকল্পনার আওতায় আরএসএস ভারতের ৪ লাখ ৬১ হাজার ১২৭টি গ্রামে পৌঁছেছে এবং এক বছরে ১০ কোটির বেশি হিন্দু পরিবারের কাছে গেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ঐতিহ্যবাহী শস্ত্রপূজা আর সংগঠনের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের প্রতি ফুলের শ্রদ্ধা দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা স্টোরি ২০২৬