
প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
৭৮ বছর পর রঞ্জিতে ফের ৪০০, মাত্র দ্বিতীয় ম্যাচে চিন্ময় সুতারের ইতিহাস
ভারতের ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ৭৮ বছরের অপেক্ষার অবসান। মিজোরামের হয়ে খেলা ২৯ বছর বয়সী চিন্ময় সুতার সোমবার নাগাল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। দেশের ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি ৪০০ রানের মাইলফলক ছুঁলেন, প্রথমজন বি.বি. নিম্বালকর, যিনি ১৯৪৮-৪৯ মৌসুমে মহারাষ্ট্রের হয়ে কাঠিয়াওয়াড়ের বিপক্ষে অপরাজিত ৪৪৩ রান করেছিলেন।
রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে নাগাল্যান্ডের সোভিমা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে মাইলফলকে পৌঁছান সুতার। ৫১৭ বলে অপরাজিত ৪০০ রানের ইনিংসে ছিল ৪৬টি চার ও ৭টি ছক্কা। তাঁর এই ইনিংসের ওপর ভর করে মিজোরাম ৯ উইকেটে ৫৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে।
একই সঙ্গে রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন সুতারের। তিনি টপকে গেছেন পৃথ্বী শ-র ৩৭৯ রানকে, যা তিনি করেছিলেন ২০২৩ সালের জানুয়ারিতে। অবাক করা ব্যাপার হলো, এটা ছিল সুতারের মাত্র দ্বিতীয় ফার্স্ট-ক্লাস ম্যাচ, আর প্রথম ফার্স্ট-ক্লাস সেঞ্চুরি হিসেবে ৪০০ রান আগে আর কেউ করেননি। এর আগের রেকর্ড ছিল সাকিবুল গণির ৩৪১।
নবম উইকেট পড়ার পর শেষ ব্যাটার লালরেমপুইয়া ছকছুয়াকের সঙ্গে তিনি গড়েন অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি, টুর্নামেন্টের ইতিহাসে দশম উইকেটে তৃতীয় সর্বোচ্চ। এর আগে মুম্বাইয়ের হয়ে লিস্ট এ ক্রিকেটে খেলেছেন সুতার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা স্টোরি ২০২৬