
প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
ইথানলে চিনির ব্যবহারে নিষেধাজ্ঞা ভারতের, চিনির দাম বাঁচাতেই সিদ্ধান্ত
পেট্রলে মেশানোর জন্য ইথানল কেনার নতুন দরপত্রে আখের রস, চিনির সিরাপ ও বি-হেভি মোলাসেস থেকে তৈরি ইথানল নিষিদ্ধ করেছে ভারতের সরকারি তেল বিপণন কোম্পানিগুলো। দেশে চিনির সরবরাহ রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) ১৬ অক্টোবর তেল বিপণন কোম্পানিগুলোর পক্ষে এই দরপত্র দেয়। নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া সরবরাহ বছরের জন্য প্রায় ১১ বিলিয়ন লিটার ইথানল কেনার লক্ষ্য রয়েছে, যা পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর (ই২০) কর্মসূচির জন্য।
দরপত্রের নথিতে বলা হয়েছে, ভারত সরকার নির্দেশ দিয়েছে ২০২৬-২৭ ইথানল সরবরাহ বছরে ইথানলের জন্য চিনির ব্যবহার শূন্যে নামিয়ে আনতে। ফলে আখের রস, চিনি বা চিনির সিরাপ ও বি-হেভি মোলাসেস থেকে তৈরি ইথানলের কোনো প্রস্তাব চাওয়া হয়নি।
একই সঙ্গে ভুট্টা থেকে তৈরি ইথানলের প্রণোদনা কমিয়ে দেওয়া হয়েছে। প্রতি লিটারে দাম ৭১.৮৬ রুপি থেকে কমিয়ে ৬৮.৮৬ রুপি করা হয়েছে।
সি-হেভি মোলাসেস, ভুট্টা, ভাঙা চাল ও ফুড করপোরেশন অব ইন্ডিয়ার উদ্বৃত্ত চাল থেকে তৈরি ইথানল এখনো দরপত্রে গ্রহণযোগ্য।
মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো প্রধান চিনি উৎপাদনকারী রাজ্যে কম বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়া ও দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর আশঙ্কার মধ্যেই এই সিদ্ধান্ত এলো। ভারত ২০২৫ সালে নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য অর্জন করে, আর এ বছর ই২০ মিশ্রণ সারাদেশে বাধ্যতামূলক করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা স্টোরি ২০২৬