

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, বর্তমানে বিরোধী দলের ভূমিকায় থাকা রাজনৈতিক দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত 'গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, ট্রেনে নাশকতা এবং হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো পরিকল্পিত। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা এখন বিরোধী দলের লেবাসে আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাজশাহী রেলস্টেশনে ছাত্র সংগঠনের সাম্প্রতিক তাণ্ডব ও ধ্বংসাত্মক কাজের তীব্র নিন্দা জানান তিনি।
রাজধানীর বিভিন্ন জায়গায় বাসায় আগুন দেওয়া হচ্ছে, ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। আমরা দেখছি, হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। এখন আত্মস্বীকৃত বক্তব্য আসছে সেই রাজনৈতিক দলের কাছ থেকে, যারা এখন বিরোধী দলের ভূমিকায় আছেন।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বিকল্প পথে স্বাবলম্বী হওয়ার উপায়
রিজভী আরও দাবি করেন, দেশের আর্থিক খাত ও ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে স্থিতিশীল হচ্ছে এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি বিরোধী দলগুলোকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত আক্রমণ বা ধ্বংসাত্মক পথ পরিহার করে জনগণের দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন।