

আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি এবং ওই ঘটনার বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করা হবে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর রাজধানীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন জামায়াতের আমীর। এরপরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে দেশের সব শাখা ও সর্বস্তরের জনগণকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনার মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের সূচনা হয়েছিল।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনার প্রায় দুই দশক পূর্ণ হতে চললেও সংশ্লিষ্ট হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের এখনো আইনের আওতায় আনা হয়নি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং অতীতের বিভিন্ন ঘটনার বিচার দাবিতে জামায়াতের এই কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ। কর্মসূচির সফল বাস্তবায়নে দলটির পক্ষ থেকে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে কর্মসূচি পালনের জন্য দলীয়ভাবে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ওপর জোর দিচ্ছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। আগামী ২৮ অক্টোবরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।