

বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা সাচা ব্যারন কোহেন কমেডি ঘরানার সিনেমা থেকে চিরতরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত তার অভিনীত আলি জি হু ইজ আই সিনেমাটিই তার ক্যারিয়ারের শেষ কমেডি কাজ হতে যাচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা। দ্য ডিক্টেটরখ্যাত ৫৫ বছর বয়সী এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে তার দীর্ঘদিনের পরিচিত এই ধারা ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চলচ্চিত্র অঙ্গনে বহুমুখী চরিত্র ও ব্যতিক্রমী কমেডির জন্য বিশেষভাবে পরিচিত সাচা ব্যারন কোহেন। তবে নিজের দীর্ঘ ক্যারিয়ারের চেনা এই বলয় থেকে বেরিয়ে আসার পেছনের কারণ হিসেবে তিনি বর্তমান বিশ্বপরিস্থিতি এবং সমাজের গতিপ্রকৃতিকে দায়ী করেছেন। তার মতে, বর্তমান সময়ে কমেডি সিনেমা নির্মাণ করা আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
সাক্ষাৎকারে নিজের শেষ কমেডি সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, তিনি এইমাত্র যে কাজটি করেছেন, সেটি তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করে কোহেন জানান, রাজনৈতিক মতাদর্শের চরমপন্থা এবং নানা ধরনের সহিংসতার বিপদ মানুষের সামনে তুলে ধরার তাগিদ থেকেই তিনি এই সিনেমাটি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়া ষড়যন্ত্র ও মিথ্যার বিস্তার নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন সাচা ব্যারন কোহেন। তিনি উল্লেখ করেন, মানুষের মধ্যে যদি কোনো অভিন্ন সত্য না থাকে, তবে গণতন্ত্র একসময় ভেঙে পড়বে এবং একটি সহনশীল সমাজ গড়ে তোলা অসম্ভব হয়ে উঠবে। মানুষকে হাসানোর পাশাপাশি এই সংকটগুলো চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।
এর আগেও একবার কমেডি ঘরানার কাজ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন এই ব্রিটিশ অভিনেতা। তবে সমসাময়িক সামাজিক অস্থিরতা ও চরমপন্থার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই তিনি আরও একবার এই ধারার সিনেমায় যুক্ত হয়েছিলেন। এখন থেকে তার এই পরিচিত ধারার কাজ আর দেখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।