

ঢাকা: সাজাপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি স্বেচ্ছায় আসেন এবং আইনের মুখোমুখি হন, তবে আইন নিজস্ব গতিতে চলবে। তবে মাঝেমধ্যে ফিরে আসার কথা বলে পলাতক ও লুকায়িত নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করার চেষ্টা চালানো হচ্ছে, যা সরকারের জানা রয়েছে। বিগত ১৫ বছরে বিচারবহির্ভূত হত্যা, গুম এবং এক মাসে ১৪০০ নাগরিককে হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।
"যারা দেশকে অস্থিতিশীল করতে চান এবং এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পেরেছিলেন, সেই শক্তিকে এ দেশের মানুষ কখনো রাজনীতি করার আহ্বান জানাবে না। আমরা তো তাদেরকে বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আহ্বান জানাচ্ছি।" - স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়াতে পুলিশের একটি বিশেষ বিভাগ চালুর ঘোষণা দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী সপ্তাহে পুলিশ বাহিনীতে একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। হেডকোয়ার্টার্স থেকে শুরু করে সমস্ত মেট্রোপলিটন, জেলা ও বিভাগীয় পর্যায়ে এর শাখা থাকবে। আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও ফরেনসিক ল্যাব সংযোজনের মাধ্যমে এই ইউনিট পরিচালিত হবে। জটিল মামলাগুলো কেন্দ্র এবং তুলনামূলক সহজ বিষয়গুলো স্থানীয় পর্যায়ে বিশ্লেষণ করা হবে।
উল্লেখ্য, সাহসিকতা, বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে এবার পুলিশ পদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনঞ্জুর মোর্শেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান