

ঢাকা: যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরান প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
সোফিয়া কুতেপোভা জানান, ইরানের বিরুদ্ধে হামলার আগে সামরিক ও রাজনৈতিক প্রস্তুতির ব্যাপকতা দেখে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত হয়। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতার পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনায় মস্কো ধারাবাহিকভাবে গভীর শোক প্রকাশ করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ইরানকে যতটা দুর্বল ভেবেছিল, দেশটি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে। ইরান কোনো সহজ লক্ষ্যবস্তু নয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে সিমনস। এছাড়া বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। বিভাগের চেয়ারম্যান শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।