

বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। বুধবার (১১ নভেম্বর) ঢাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হার রয়্যাল হাইনেস সোফি, ডাচেস অফ এডিনবরা। ১৯৫১ সালে যাত্রা শুরুর পর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতির প্রসারে সংস্থাটির দীর্ঘদিনের অবদানের কথা এই আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে যুক্ত সাবেক শিক্ষার্থী, চেঞ্জমেকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সফরকালে ডাচেস অফ এডিনবরা নারী ক্ষমতায়ন, সবুজ উদ্যোক্তা বা গ্রীন অন্ট্রেপ্রেনিউরশিপ এবং আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের উদ্যোগ ও অভিজ্ঞতার কথা শোনার পাশাপাশি তিনি তরুণদের সৃজনশীলতাকে উৎসাহিত করেন।
শিক্ষা, ইংরেজি ভাষা ও শিল্পের মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে গত ৭৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। আমরা চাই তরুণেরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করুক। - স্টিফেন ফোর্বস, কান্ট্রি ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে বলেন, ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি উল্লেখ করেন যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটাল জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ অত্যন্ত জরুরি। ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছরের এই পথচলায় তরুণদের ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের ক্ষেত্র বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রীন অন্ট্রেপ্রেনিউরশিপ’ এবং ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) কর্মসূচির সফলতার গল্প তুলে ধরেন অংশগ্রহণকারীরা। সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক শিক্ষা ও দীর্ঘস্থায়ী যোগাযোগ তৈরিতে ইংরেজি ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের কার্যক্রম আরও জোরদার করা হবে।