

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক অসন্তোষ কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ এবং মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি সতর্কতা গ্রহণ করে। বর্তমান পরিস্থিতিতে শিল্পাঞ্চলজুড়ে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাহিনীর সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদানমূলক কার্যক্রমের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম, স্বাভাবিক রয়েছে মহাসড়কের যান চলাচল।
মোতায়েনকৃত ৬ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স গাজীপুরের সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস ও মাওনা এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের নেতৃত্বে এই মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং তথ্য নেটওয়ার্ক জোরদার করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।