

দক্ষ চালক হিসেবে কর্মজীবন গড়ার লক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) দেশের বেকার তরুণ ও ইচ্ছুকদের জন্য বিনা খরচে পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। সরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত এসব কোর্সে গাড়ি চালানো ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি সফল প্রশিক্ষণার্থীদের পেশাদার লাইসেন্স ও আর্থিক ভাতার সুযোগ দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বর্তমান সময়ে বিআরটিসি মূলত দুটি প্রধান প্রকল্পের আওতায় এই ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট (BRSP) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP) অন্যতম। এসআইসিআইপি প্রকল্পের আওতায় হালকা মোটরযান চালানো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে বিভিন্ন ধাপে নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।
বিআরটিসির এই উদ্যোগ বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের জন্য বিশেষ অগ্রাধিকারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিআরটিসির এসব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আকর্ষণীয় কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে তাত্ত্বিক ও ব্যবহারিক ড্রাইভিং শিক্ষা, পেশাদার প্রশিক্ষণ সনদ এবং শর্ত সাপেক্ষে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্জনের সুযোগ। এছাড়া নির্দিষ্ট কিছু প্রকল্পের আওতায় প্রশিক্ষণ চলাকালীন উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন বাবদ আর্থিক ভাতা প্রদানের ব্যবস্থাও রয়েছে। এসআইসিআইপি প্রকল্পের বিগত ব্যাচগুলোতে প্রশিক্ষণার্থীদের এই ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট সাইজের ছবি এবং চিকিৎসকের মেডিকেল সার্টিফিকেটসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হয়। কোর্স ভেদে যোগ্যতার শর্ত ভিন্ন হতে পারে, যেমন বয়স কমপক্ষে একুশ বছর এবং ন্যূনতম এসএসসি পাস হতে হবে। আবেদন করার আগে বিআরটিসির অফিশিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের নোটিশ বোর্ড থেকে সর্বশেষ বিজ্ঞপ্তি ও সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।