

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকার শীর্ষে যৌথভাবে স্থান পেয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। জর্ডানভিত্তিক রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের ২০২৭ সালের সংস্করণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ইতিহাসে এই প্রথমবার একাধিক ব্যক্তি যৌথভাবে এই তালিকার শীর্ষস্থান অর্জন করেছেন, যা মুসলিম বিশ্বের পরিবর্তিত ভূরাজনীতি ও আঞ্চলিক সহযোগিতার নতুন সমীকরণকে ফুটিয়ে তুলেছে।
জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত এই গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, মূলত পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কারণেই এই যৌথ অবস্থান তৈরি হয়েছে। গত বছরের আগস্ট মাসে স্বাক্ষরিত এবং রিয়াদে জরুরি সম্মেলনের সময় কার্যকর হওয়া এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের বিশাল অর্থনৈতিক সম্পদ, তুরস্কের উন্নত প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা এবং পাকিস্তানের শক্তিশালী সামরিক শক্তিকে একটি সম্মিলিত জোটে একত্র করেছে। একজন জন্য সবাই এবং সবার জন্য একজন এই নীতিতে পরিচালিত এই চুক্তি আঞ্চলিক রাজনীতিকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে।
তালিকা প্রকাশকারী সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম দেশগুলো নিজেদের সুরক্ষায় কীভাবে একসঙ্গে কাজ করছে, এই যৌথ শীর্ষ অবস্থান তারই বড় প্রমাণ। এই তিন দেশের পারস্পরিক কৌশলগত সহযোগিতা বৈশ্বিক রাজনীতিতে মুসলিম বিশ্বের প্রভাবকে আরও সুসংহত করেছে। প্রকাশনাটিতে আরও বলা হয়েছে, গত এক বছরে পাকিস্তানসহ বিভিন্ন দেশ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, আঞ্চলিক নিরাপত্তার চাপ মোকাবিলা এবং প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ সফলভাবে পার করেছে।
প্রতিবেদনের অন্যান্য অবস্থানে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি চতুর্থ স্থানে এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ পঞ্চম স্থানে রয়েছেন। এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ষষ্ঠ, পাকিস্তানের বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত শেখ মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দ্বাদশ স্থানে অবস্থান করছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ২২তম এবং পাকিস্তানের ধর্মীয় নেতা মাওলানা তারিক জামিল ৩২তম স্থানে রয়েছেন। বিশ্বখ্যাত ফুটবল তারকা মোহাম্মদ সালাহ ৩৯তম, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৪৫তম এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ৪৯তম স্থান অর্জন করেছেন।
বিশ্লেষকদের মতে, এবারের এই তালিকা কেবল প্রভাবশালী ব্যক্তিদের একক জনপ্রিয়তার পরিমাপ নয়, বরং বৈশ্বিক সংকট উত্তরণে মুসলিম দেশগুলোর যৌথ জোট ও কূটনৈতিক তৎপরতার একটি বাস্তব প্রতিফলন। নতুন এই ভূরাজনৈতিক মেরুকরণ আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর এই ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করেছে, যা ভবিষ্যতে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায় গভীর প্রভাব বিস্তার করবে।