

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। বুধবার বিকাল পৌনে ৩টায় সম্মেলনস্থলে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এর আগে জলবায়ু সম্মেলনের বিভিন্ন ইভেন্টে অংশ নেন বিশ্বনেতারা। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। - প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু
বৈঠক সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। বিশেষ করে কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু ঝুকিপূর্ণ দেশগুলোর টেকসই উন্নয়নে উভয় দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
উক্ত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই বৈঠকের মধ্য দিয়ে মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন: আনতালিয়া সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়