
আনতালিয়া: তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান এবং বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে জোরালো অবস্থান তুলে ধরতে এই সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ।
সম্মেলনস্থলে ইন্দোনেশীয় প্রতিনিধি দলের প্রধান হাশিম জোজোহাদিকুসুমো, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। বিশ্বমঞ্চে জলবায়ু কূটনীতি জোরদারে এই বৈঠকগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি প্রাধান্য পাবে বলে জানা গেছে।
পরিবেশগত সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐকমত্য এবং বাংলাদেশের নিজস্ব প্রস্তুতি তুলে ধরতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।