
ঢাকা: দেশের আকাশসীমায় চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান এবং বিমানভাড়া নিয়ে কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই পত্রটি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো হয়েছে। নতুন এই নির্দেশনায় যাত্রীদের স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বেবিচকের নিয়মিত পর্যবেক্ষণে উঠে এসেছে যে, কিছু এয়ারলাইন্স অপারেটর বাংলাদেশ রুটে চলাচলকারী উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছে না। কোনো কোনো ফ্লাইটের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার এবং ট্রে টেবিল অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও, অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও সেবা দেওয়ার অভিযোগ রয়েছে। এই বৈষম্যমূলক আচরণ দূর করতে এবং যাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে উপযুক্ত মানসম্পন্ন উড়োজাহাজ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।
যাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে কেবিন যথাযথভাবে পরিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশ নিয়মিত জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে হবে।
যাত্রীসেবার মানের পাশাপাশি বিমান ভাড়ার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে বেবিচকের এই নির্দেশনায়। সংস্থার পর্যালোচনায় দেখা গেছে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে, যা সাধারণ যাত্রীদের জন্য বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করছে। এ প্রেক্ষাপটে ভ্রমণের দূরত্ব বিবেচনা করে বিমান ভাড়া পুনর্বিবেচনা এবং একটি যৌক্তিক মূল্য কাঠামোগত রূপ দেওয়ার জন্য এয়ারলাইন্সগুলোকে অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা যাতে কোনোভাবেই সেবার মানে বৈষম্যের শিকার না হন, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
বেবিচকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নির্দেশনার বাস্তবায়ন এবং সেবার মান যাচাইয়ের জন্য নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো এয়ারলাইন্স নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রচলিত বিধিমালা অনুযায়ী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সরকারের এই কঠোর অবস্থানের ফলে ভবিষ্যতে দেশের আকাশপথে বিমানযাত্রীদের ভোগান্তি কমবে এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।