
শিশুরা বড়দের তুলনায় খুব সহজেই বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয়। তাই অভিভাবকদের মনে প্রায়ই প্রশ্ন জাগে, কীভাবে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানো সম্ভব। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কোনো একক বা জাদুকরী ‘ইমিউনিটি বুস্টার’ নেই। এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো একটি স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করা এবং সঠিক নিয়মে শিশুর যত্ন নেওয়া।
জন্মের পর যত দ্রুত সম্ভব মায়ের দুধ খাওয়ানো শুরু করা উচিত এবং জীবনের প্রথম ছয় মাস কেবল মায়ের দুধই খাওয়ানো আবশ্যক। মায়ের দুধে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পাশাপাশি নানা ধরনের রোগপ্রতিরোধী উপাদান থাকে, যা শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। এছাড়া জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী নির্ধারিত সময়ে সব টিকা শিশুকে প্রদান করতে হবে। কোনো টিকা বাদ পড়লে দ্রুত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শিশুর শারীরিক বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী নিয়মিত খেলাধুলা ও শারীরিক কার্যক্রম শিশুর সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি সাবানপানি দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস করা সংক্রমণ প্রতিরোধের একটি সহজ ও কার্যকর উপায়। ঘরের ভেতরে বা শিশুর সামনে ধূমপান করা থেকে বিরত থাকতে হবে, কারণ পরোক্ষ ধূমপান শিশুর শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।
সামান্য জ্বর বা সাধারণ ঠান্ডা-কাশিতে নিজের সিদ্ধান্তে শিশুকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে শরীরের ক্ষতিকর জীবাণুগুলো ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। এ বিষয়ে গ্রিন লাইফ মেডিকেল কলেজ ঢাকার শিশুবিশেষজ্ঞ ডা. ফাতেমা তুজ জোহরা বলেন, শিশুর সুস্থতার জন্য সুষম জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা সবচেয়ে বেশি জরুরি।
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোনো একক দাওয়াই নেই। এর জন্য প্রয়োজন সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, সঠিক সময়ে টিকাদান এবং স্বাস্থ্যকর পরিবেশ। - ডা. ফাতেমা তুজ জোহরা, শিশুবিশেষজ্ঞ
বর্তমান সময়ে শিশুদের সুস্থ ও সবল রাখতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতন জীবনযাপন এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই কেবল শিশুদের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।