
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কগামী ডেলটা এয়ারলাইনসের একটি উড়োজাহাজে দুই বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ অক্টোবর রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীকে হেফাজতে নেয় পুলিশ। এর পর থেকে তাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজে থাকা অবস্থায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে ঘুষি মারা, আরেকজনকে কামড় দেওয়া এবং উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা করার অভিযোগ ওঠে সেলমার বিরুদ্ধে। এরপর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় পুলিশ কর্মকর্তা ও এক নার্সকে লাথি মারার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে এসব অভিযোগের একাংশে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
"আমার মক্কেলের আচরণ ইচ্ছাকৃত ছিল না। গুরুতর শারীরিক সমস্যার কারণে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন," আদালতে জানান সেলমা ব্লেয়ারের আইনজীবী শন বার্নস।
আইনজীবীর ভাষ্যমতে, সেলমা একাধিক মাত্রায় প্রয়োজনীয় ওষুধ খেতে না পারায় এবং মাথায় আঘাত পাওয়ার কারণে তীব্র বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন। ২০১৮ সালে তিনি মাল্টিপল স্ক্লেরোসিসে (এমএস) আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি দীর্ঘমেয়াদি রোগ। এর আগেও ২০১৬ সালে একটি ফ্লাইটে ভ্রমণের সময় তাঁর অস্বাভাবিক আচরণের নজির রয়েছে।
বর্তমানে তাঁর বিরুদ্ধে নিউইয়র্কের কুইন্স আদালতে দ্বিতীয় মাত্রার হামলার দুটি অভিযোগ আনা হয়েছে। বিচারক জামিনের অঙ্ক নির্ধারণ করেছেন নগদ ২০ হাজার ডলার অথবা ৬০ হাজার ডলারের বন্ড এবং আগামী জানুয়ারিতে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় এফবিআইয়ের পক্ষ থেকেও ফেডারেল নোটিশ দেওয়া হয়েছে, যা ব্রুকলিনের ফেডারেল আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অঙ্গরাজ্য ও ফেডারেল দুই পর্যায়েই এই আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।