|
ঢাকা স্টোরি
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ

শেরপুরে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথিপত্র

0 শেয়ার
শেরপুরে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথিপত্র
শেরপুরে ভূমি অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই গুরুত্বপূর্ণ নথিপত্র
ছবি: আজকের পত্রিকা
সংক্ষেপে মূল তথ্য
  • শেরপুরের ঝিনাইগাতীতে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাব ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে, ২ নম্বর তলববাকি রেজিস্টারসহ পুরনো জমির রেকর্ড হারিয়ে যাওয়ায় মালিকানা প্রমাণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে অফিসের আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে তিনআনী বাজারের ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ফজরের নামাজ পড়তে বের হয়ে অফিসের পেছন দিক থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। তারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ভেতরে থাকা কাগজপত্র ও আসবাবপত্রের বড় অংশ পুড়ে যায়। ভবনের একাংশও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে রাজগঞ্জ ছাড়াও মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নের ভূমি সংক্রান্ত কার্যক্রম চলে। এছাড়া গৌরীপুর ও নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের জমির গুরুত্বপূর্ণ নথিও এখানে ছিল।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া বাকি সব নথিপত্র পুড়ে গেছে। বইগুলো হেফাজতে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নূর মোহাম্মদ জানান, দুর্বৃত্তরা অফিসের পেছনের থাই জানালার কাচ ভেঙে ভেতরে পেট্রল ও পোড়া মবিল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশের ধারণা, এটি নাশকতামূলক কর্মকাণ্ড। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

স্থানীয় এক ভূমি কর্মকর্তা জানান, টেবিলের ওপর ও খোলা তাকে থাকা নথি, বিশেষ করে ২ নম্বর তলববাকি রেজিস্টার পুরোটাই পুড়ে গেছে। এই রেজিস্টারে অনেক বছর আগের জমির রেকর্ড ছিল। এখান থেকেই নায়েবরা নামজারি ও জমির মালিকানা সংক্রান্ত বিষয় নির্ণয় করতেন। রেজিস্টার পুড়ে যাওয়ায় সংশ্লিষ্টরা মালিকানা প্রমাণ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা ভৌমিক বলেন, ২ নম্বর তলববাকি রেকর্ড পুড়ে গেছে। এতে নায়েবরা ভীষণ বিপদে পড়বেন।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনার নিন্দা জানানো হয়। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, রহস্য উদঘাটনে একটি তদন্ত কমিটি হয়েছে। পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে।

মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল ঘুরে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে মনে হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানেও অনেক নথি পুড়ে যায়। গত সোয়া দুই বছরেও সেসব নথি উদ্ধার করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া জেলা কারাগারের ফটকে দুই দফা ককটেল বিস্ফোরণ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
Dhaka Storyভেরিফাইড

ঢাকা স্টোরি সততা ও সত্যতা যাচাই নীতিমালার অধীনে খবর প্রকাশ করে। আমাদের সম্পাদকীয় নীতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhaka Story
ঢাকা স্টোরি
তাত্ক্ষণিক নিউজ আপডেট

ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।