সংক্ষেপে মূল তথ্য
- মাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাকের পর এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ায় প্রতিবাদ জানালেন মেহজাবীন চৌধুরী।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভুয়া কনটেন্ট ছড়ানো নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ভাষ্য, কারো নামে মিথ্যা আর বানোয়াট কনটেন্ট বানিয়ে তাকে ছোট করা কোনো বিনোদন নয়, এটা অপরাধ।
কিছুদিন আগে মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর মেহজাবীনকে জড়িয়ে এআই দিয়ে বানানো আপত্তিকর একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। চ্যানেলটির পক্ষ থেকে হ্যাকিংয়ের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়। এরপর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কথা বলেন মেহজাবীন।
তার বক্তব্যের মূল জায়গাটা ছিল কনটেন্ট শেয়ার করার সংস্কৃতি। তার মতে, ভুয়া কনটেন্ট বানানো একজনের কাজ হতে পারে, কিন্তু শত শত বা হাজার হাজার মানুষ যখন সেটা শেয়ার করতে থাকে, তখন বিষয়টা আর একজনের অপরাধে আটকে থাকে না। সমাজের বড় একটা অসুস্থতার ছবিই তাতে ফুটে ওঠে।
ভিউ, লাইক, শেয়ার আর ট্রেন্ডিংয়ে থাকার দৌড় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কনটেন্ট বানানো অনেকের জীবিকা হতে পারে, কিন্তু অন্য একজন মানুষের অপমান আর অসম্মানকে উপার্জনের উপায় বানানো গ্রহণযোগ্য নয় বলে জানান এই অভিনেত্রী।
কাউকে সম্মান করতে হলে তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে, এমন ধারণার বিরোধিতাও করেন মেহজাবীন। তার বক্তব্য, একজন মানুষ হিসেবেই প্রত্যেকের সম্মান পাওয়ার অধিকার আছে। আর এই সমস্যাটা কোনো এক লিঙ্গের মধ্যে আটকে নেই, যে কেউ এর শিকার হতে পারে।