
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা পরিমল চন্দ্র বর্মনকে (৩০) মোটরসাইকেল থামিয়ে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে মারধর ও অর্থ লুটের অভিযোগে পাঁচ যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দিবাগত রাত একটার দিকে বোদা থানায় এই মামলা করেন ভুক্তভোগী পরিমল। এ ঘটনায় ইতোমধ্যে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং দলীয় পদ স্থগিত করা হয়েছে অভিযুক্তদের।
ঘটনার বিবরণ অনুযায়ী, শনিবার রাত নয়টার দিকে পরিমল মোটরসাইকেলে বোদা উপজেলা শহরসংলগ্ন প্রামাণিকপাড়া-শিমুলতলী মোড়ে গেলে অপরিচিত এক নারী তাঁর গাড়ি থামিয়ে কথা বলতে চান। এ সময় কয়েকজন ব্যক্তি সেখানে এসে ওই নারীর সঙ্গে পরিমলের অবৈধ সম্পর্ক রয়েছে বলে দাবি করেন এবং তাঁকে মারধর করেন। পরে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার কথা বলে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নিয়ে তাঁকে আবারও মারধর করা হয়। এ সময় তাঁর পকেট থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়।
পরিবারকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করেন ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
এই ঘটনার পর বোদা পৌর যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার আসামি চার যুবদল নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। তাঁরা হলেন বোদা পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে রনি, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা, বোদা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মজুমদার এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন আরিফ। এছাড়া অপর আসামি রাজু ইসলামের বিরুদ্ধেও সাংগঠনিক প্রক্রিয়া চলমান রয়েছে। পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. অলিয়ার রহমান ও সদস্যসচিব মো. আফছারুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে সশরীর উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও বোদা থানার উপপরিদর্শক (এসআই) অলকান্ত রায় জানান, গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন ও সোহেল রানাকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিমল পুলিশের সহযোগিতায় তাঁর আটকে রাখা মোটরসাইকেল ও স্ট্যাম্প উদ্ধার করতে পেরেছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।