
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় প্রশাসনের করা মামলায় অজ্ঞাতনামা আসামি করার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের ৪৫ মিনিট অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনের ফটকে তালা ঝুলিয়ে দেন তাঁরা। পরে রাত ১১টার পর আন্দোলনকারীদের পক্ষে একদল প্রতিনিধি উপাচার্যের সম্মেলনকক্ষে আলোচনায় অংশ নেন।
এর আগে একই দাবিতে সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকেরা। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ও শাস্তির দাবি জানান। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য ছিল, হামলায় জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে মামলা করতে হবে এবং এ দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
"বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার; টোকাইরা হামলা করে, প্রশাসন কী করে" - এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর।
রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনা অব্যাহত ছিল। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকেরা ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন। দাবির মধ্যে রয়েছে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে মামলা ও আজই গ্রেপ্তার করা, হামলার সঙ্গে জড়িতদের আজই সাময়িক বহিষ্কার করা এবং আগামী তিন দিনের মধ্যে তদন্ত শেষ করে শুক্রবারের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে স্থায়ী বহিষ্কার করা।
সাংবাদিক ও শিক্ষার্থীদের উত্থাপিত অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে যাঁদের ছাত্রত্ব নেই, তাঁদের সনদ বাতিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা। শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ক্যামেরা ফুটেজ ডিলিট করে সন্ত্রাসীদের পক্ষ নেওয়ায় তাঁকে প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি ও আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ঘটনার সময় উপস্থিত থেকে নিষ্ক্রিয় থাকায় প্রক্টর ও সহকারী প্রক্টরদের পদত্যাগ করা।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা: রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যকার এই আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও প্রক্টরিয়াল বডি মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।