
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে তিনি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকার তীব্র খরা, পানির সংকট ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রামের বাস্তব চিত্র বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। বৈশ্বিক এই আসরে তার এই অংশগ্রহণ দেশের পরিবেশ আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মামুনুর রেজা দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি নওগাঁভিত্তিক যুব সংগঠন 'ভয়েস'-এর প্রতিষ্ঠাতা এবং পরিবেশবিষয়ক জাতীয় সংগঠন 'মিশন গ্রিন বাংলাদেশ'-এর প্রচার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বেড়ে ওঠার কারণে তীব্র পানির সংকট, প্রখর তাপপ্রবাহ ও কৃষির ওপর এর বিরূপ প্রভাব খুব কাছ থেকেই দেখেছেন তিনি।
সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মামুনুর রেজা বলেন, শুধু কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে জলবায়ু সংকটের সমাধান সম্ভব নয়। বরেন্দ্র অঞ্চলের মতো অতিঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষা বাড়ানো এবং জলবায়ু তহবিলের সুনির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক তহবিলের অর্থ যেন সরাসরি মাঠপর্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে তিনি উন্নত দেশগুলোর জোরালো ভূমিকা দাবি করবেন।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং কৃষকদের দুর্ভোগ এখন নিত্যদিনের বাস্তবায়ন। মূল অধিবেশনের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পার্শ্ববৈঠকেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে এই তরুণের। সম্মেলনে মূলত জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি ও লোকসান এবং প্রকৃতিভিত্তিক সমাধানের ওপর বিশেষ জোর দিতে চান তিনি। মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার।
সম্মেলন শেষ দেশে ফিরে অর্জিত অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নওগাঁসহ পুরো বরেন্দ্র অঞ্চলের তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চান মামুনুর রেজা। জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করাই তার মূল লক্ষ্য। তার এই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি দেশের পরিবেশগত সংকটের কথা বিশ্ববাসীর কাছে জোরালোভাবে পৌঁছে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।