সংক্ষেপে মূল তথ্য
- আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে লা লিগায় খেলতে চান তিনি।
- তবে আপাতত আর্সেনালেই খুব খুশি আছেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক, চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত, এখনই ক্লাব ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার।
আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া মনে মনে একটা স্বপ্ন লালন করেন, ক্যারিয়ারের কোনো এক পর্যায়ে দেশে ফিরে লা লিগায় খেলবেন। স্প্যানিশ পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই সেই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। তবে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করেছেন, এটা সম্পূর্ণ ভবিষ্যতের ভাবনা। উত্তর লন্ডনে তিনি এখন খুবই খুশি, আর্সেনাল ছাড়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে তার নেই।
সাক্ষাৎকারে মার্কার সাংবাদিক জানতে চেয়েছিলেন, স্পেনের লিগে খেলার সুযোগ পেলে কেমন লাগবে তার। জবাবে রায়া বলেন, "হ্যাঁ, খুব ইচ্ছে করে। লা লিগায় খেলে দেখতে চাই। আপাতত এখানে খুব খুশি আছি, তবে স্প্যানিশ লিগের অভিজ্ঞতা নিতে অবশ্যই ভালো লাগবে।" তিনি আরও বলেন, "লিগটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হয়তো ভবিষ্যতে কোনো স্প্যানিশ ক্লাবের হয়ে খেলব। আমি স্প্যানিশ, ওখানে খেলতে পারলে দারুণ হবে, এটা নিশ্চিত।"
ছোটবেলায় রায়া ছিলেন রিয়াল মাদ্রিদের ভক্ত। সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠতেই মার্কার সাংবাদিক মজা করে বলেন, সাদা রংটা তাকে বেশ মানায়। রিয়ালের সাদা জার্সির দিকে ইঙ্গিত করা এই মন্তব্যে রায়া শুধু হেসেছেন, কোনো ক্লাবের নাম মুখে আনেননি। অর্থাৎ লা লিগায় খেলার ইচ্ছে থাকলেও কোনো নির্দিষ্ট গন্তব্যের কথা তিনি বলেননি, শোনা কথাকে জল্পনায় রূপ দিতেও চাননি।
বার্সেলোনায় জন্ম নেওয়া রায়ার গল্পটা একটু অন্যরকম। মাত্র ১৬ বছর বয়সে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান, যোগ দেন ব্ল্যাকবার্ন রোভার্সের একাডেমিতে। এরপর তার পুরো পেশাদার ক্যারিয়ারটাই কেটেছে ইংল্যান্ডে, স্পেনের শীর্ষ লিগে কখনো খেলাই হয়নি। ব্ল্যাকবার্নে দীর্ঘ সময় কাটিয়ে তিনি যান ব্রেন্টফোর্ডে, সেখান থেকে ২০২৩ সালে প্রথমে ধারে আসেন আর্সেনালে, পরের মৌসুমে চুক্তিটা হয় স্থায়ী। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৮ সালের জুন পর্যন্ত এমিরেটসেই থাকার কথা তার। গত বছর বেতন বাড়িয়ে উন্নত চুক্তি হলেও চুক্তির মেয়াদ একই রাখা হয়েছে, এমন খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
আর্সেনালে এসে রায়া এখন ইউরোপের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। টানা তিন মৌসুম তিনি জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভ, গত মৌসুমে আর্সেনালের লিগ শিরোপা জয়েও বড় ভূমিকা ছিল তার। চলতি বছরের ব্যালন ডি অর অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের ইয়াশিন ট্রফির সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি। স্পেন জাতীয় দলের সদস্য হিসেবে এ বছর বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন রায়া, যদিও উনাই সিমোনের পেছনে থাকায় টুর্নামেন্টে মাঠে নামা হয়নি তার।
এই মুহূর্তে তার পুরো মনোযোগ অবশ্য আর্সেনালেই। চলতি মৌসুমের লক্ষ্য জানতে চাইলে মার্কাকে তিনি বলেন, "সবকিছু জিততে চাই। নিজেদের ফেভারিট হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। গত মৌসুমের চেয়ে এগিয়ে গিয়ে এবার চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাও তুলতে চাই, যদিও সেখানে পৌঁছাতে পথ এখনো অনেক লম্বা।" গত বুধবার (২১ অক্টোবর) মিউনিখে বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচেও আর্সেনালের গোলবার সামলেছেন এই রায়াই।
সব মিলিয়ে রায়ার মন্তব্যে কোনো বিদায়ের সুর নেই। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি হাতে থাকায় আর্সেনালে তার অবস্থান নিরাপদ, ইংলিশ গণমাধ্যমের ধারণা, তাকে ধরে রাখতে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনাও শুরু করতে পারে ক্লাব। তবে ৩১ বছর বয়সী এই গোলরক্ষক এটুকু জানিয়ে দিলেন, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় হলেও জন্মভূমি স্পেনের লা লিগায় একবার খেলে দেখার ইচ্ছেটা তার মধ্যে রয়ে গেছে।