
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও সম্প্রতি তরুণ প্রজন্মের প্রেম, সম্পর্ক ও যৌনতা নিয়ে অত্যন্ত খোলামেলা ও স্পষ্ট মতামত প্রকাশ করেছেন। তাঁর মতে, আগের প্রজন্মের তুলনায় বর্তমান যুগের তরুণ-তরুণীদের সম্পর্কের ধরন অনেক বেশি স্বাধীন ও বাধাহীন। এমনকি বিয়ের আগে প্রেম কিংবা শারীরিক সম্পর্কে জড়ানোও এখন আর কোনো অস্বাভাবিক ঘটনা নয়। জনপ্রিয় অ্যান্থলজি সিনেমা লাস্ট স্টোরিজ ৩-এর প্রচারের অংশ হিসেবে বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
লাপাতার লেডিজ খ্যাত এই পরিচালক তাঁর নতুন কাজের মাধ্যমে বর্তমান সময়ের সামাজিক পরিবর্তন এবং তরুণদের মনস্তত্ত্ব তুলে ধরতে চেয়েছেন। সাক্ষাৎকারে এক প্রশ্নকর্তা মন্তব্য করেন যে, কিরণের গল্পে তরুণ প্রজন্মকে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হালকা বা অগভীর মনে হয়। তবে এই মন্তব্যের সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করে কিরণ জানান যে, তিনি এই সম্পর্ককে ‘হালকা’ নয় বরং ‘স্বাধীন’ হিসেবে দেখতে বেশি পছন্দ করেন। তাঁর মতে, আজকের প্রজন্মের মধ্যে নিজেদের আবেগ ও মতামত প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা রয়েছে।
কিরণ রাওয়ের নতুন এই কাজটির গল্পের কেন্দ্রে রয়েছে অবিবাহিত দুজন তরুণ-তরুণী, যারা একে অপরের প্রতি আকর্ষিত। এই আকর্ষণের জেরে তাঁরা যখন বিভিন্ন সিদ্ধান্ত নেন, তখন তৈরি হয় নানা অপ্রত্যাশিত পরিস্থিতি। নিজের প্রজন্মের সঙ্গে বর্তমান সময়ের সামাজিক কাঠামোর পার্থক্য তুলে ধরে তিনি বলেন, অতীতে নির্দিষ্ট কিছু সামাজিক প্রত্যাশা ছিল। বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজ বা বিয়ের পরই কেবল গভীর আবেগ ও শারীরিক সম্পর্কের সামাজিক স্বীকৃতি ছিল।
বর্তমান সময়ের বাস্তবতা সম্পূর্ণ বদলে গেছে উল্লেখ করে কিরণ রাও বলেন, মানুষ এখন বিয়ে না করেও গভীর, তীব্র ও শারীরিকভাবে পরিপূর্ণ সম্পর্কে জড়াচ্ছে। পৃথিবী এখন আর আগের মতো নেই এবং মানুষের নিজেদের প্রকাশ করার মাধ্যমও পরিবর্তিত হয়েছে। এই নতুন যুগের সতেজতা, স্বাধীনতা ও সম্পর্কের জটিলতাই ফুটিয়ে তোলা হয়েছে তাঁর নতুন চলচ্চিত্রে। লাস্ট স্টোরিজ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তিতে মূলত আকাঙ্ক্ষা, যৌনতা এবং প্রেমের বহুমুখী রূপই প্রাধান্য পাচ্ছে।
পরিচালকের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞা এবং ব্যক্তিগত পছন্দের পরিধি যে কীভাবে প্রসারিত হচ্ছে, কিরণের এই বিশ্লেষণ তারই একটি বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
আরও পড়ুন: সিডনিতে শিলাবৃষ্টি উপেক্ষা করে সনু নিগমের কনসার্টে উপচে পড়া ভিড়
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।