
চট্টগ্রাম: নিম্নচাপের প্রভাবে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জীবনঝুঁকি এড়াতে পাহাড়ে বসবাসকারী লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করছে জেলা প্রশাসন। সেইসঙ্গে নগরের সবকটি আশ্রয়কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। সোমবার (৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর বিপদ সংকেত জারি করার পর প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।
চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ও আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানান, সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১২৮ দশমিক ২ মিলিমিটার এবং আমবাগানে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই বৈরী পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর ফলে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। রোববার রাত থেকেই নগরের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের নজরদারি ও মাইকিং শুরু হয়।
পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, মানুষের জানমাল রক্ষার্থে জেলা প্রশাসনের ছয়জন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে একাধিক টিম মাঠে কাজ করছে। তিনি বলেন,
আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর বিপদ সংকেত জারি করার পর পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে সকাল থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আকবরশাহ, বিজয়নগর, শান্তিনগর ও মতিঝর্ণা এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্পট থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
টানা বৃষ্টির কারণে নগরবাসীর স্বাভাবিক কার্যক্রমে কিছু বিঘ্ন ঘটলেও সিটি করপোরেশনের তদারকিতে বড় ধরনের জলাবদ্ধতা এড়ানো সম্ভব হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চসিক ও সিডিএ'র কর্মীরা রাতভর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখায় নিম্নাগুলোতে পানি জমতে পারেনি। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী সাত দিন চট্টগ্রামসহ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাশাপাশি নদী ও সমুদ্রপারের বাসিন্দাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে না যাওয়া পর্যন্ত জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনের মাঠ পর্যায়ের টিমগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ সংবাদের তাৎক্ষণিক আপডেট পেতে নোটিফিকেশন অন করুন।